মোগাদিসু: গত সপ্তাহে পাঁচটি আরব দেশ সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে। একজন সিনিয়র সোমালি কূটনীতিক আনাদোলু এজেন্সিকে বলেছেন, ওই সব আরব দেশের মত সোমালিয়া কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করবে না।
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত সোমালিয়া দূতাবাসের মুখপাত্র আবদী হাললেন হিসরি বলেন, ‘সোমালিয়া কাতার ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। আমরা সৌদি আরব এবং কাতার উভয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবো কিন্তু সম্পর্ক ছিন্ন করবো না। এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংলাপের আহ্বান জানিয়েছে।’
কিছু মিডিয়ার দাবি, সৌদি আরব সোমালিয়াকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দান করার অঙ্গীকার করেছে কিন্তু বিনিময়ে আগে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করার শর্ত দিয়েছে। তবে হিরসি মিডিয়ার এসব দাবি অস্বীকার করেছেন।
ররিবার হিরসি বলেন,‘মিডিয়ার এসব দাবি ভিত্তিহীন কারণ সোমালিয়া আগেই কাতার ইস্যুতে এর অবস্থান স্পষ্ট করেছে।’
তবে মোগাদিসুতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন, সৌদি কর্তৃপক্ষ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য সোমালিয়ার উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে । নিরপেক্ষ অবস্থান না বদলালে সোমালিয়াকে দেওয়া সৌদি সরকারের আর্থিক সাহায্যও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে সোমালিয়ার পক্ষ থেকে বরাবরই আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা নিরসনের ওপর জোর দেওয়া হয়।
সোমালিয়ার এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি সোমালিয়া কাতারি সরকারের বিরুদ্ধে কোনো পক্ষকে গ্রহণ করবে না কারণ সোমালিয়া চাই ইসলামী বিশ্বের ঐক্য’।
সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে একটি বিবৃতিতে জানান, ‘সব ভ্রাতৃপ্রতিম দেশসমূহকে সংলাপের মাধ্যমে এবং আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার হস্তক্ষেপে মতপার্থক্য মিটিয়ে ফেলতে হবে।’
আরব লীগের সদস্য রাষ্ট্র হিসেবে সোমালিয়া কাতার সমস্যা সমাধানের আহ্বান জানায়।
সোমালিয়ার কিছু অর্থনীতিবিদ চিন্তিত কারণ তাদের অর্থনীতি সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলো উপর নির্ভরশীল। সোমালিয়ার পশুসম্পদ এসব দেশে রপ্তানি করা হয়। তাদের নিরপেক্ষতা নীতি অব্যাহত থাকলে পশুসম্পদ রপ্তানি নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে।
আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন