Profile

রবিবার, ১৮ জুন, ২০১৭

কাতার সঙ্কট নিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কাতার ও ফরাসি নেতাদের সাথে ফোনালাপ


আঙ্কারা: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান শুক্রবার কাতার ও ফরাসি নেতাদের সাথে টেলিফোনে উপসাগরীয় সঙ্কট নিয়ে ত্রিপাক্ষিক আলোচনা করেন। এছাড়া প্রেসিডেন্ট এরদোগান সংলাপের মাধ্যমে কাতার সঙ্কট সমাধানে সাহায্য করার আহ্বানও জানিয়েছেন। প্রেসিডেন্ট সূত্র বিষয়টি জানায়।
কাতারি আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনায় এরদোগান উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক সমস্যা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার ওপর নিষেধাজ্ঞা থাকায় সংবাদ দাতার নাম প্রকাশ করা হয়নি।
সূত্রটি জানায়, এ ত্রিপাক্ষিক আলোচনায় তারা এ অঞ্চলের উত্তেজনা দ্রুত প্রশমন করার বিষয়ে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন যে, শুধুমাত্র সংলাপ এবং আলোচনা মাধ্যমেই বর্তমান উপসাগরীয় সঙ্কট মোকাবেলা করা সম্ভব এবং এই সঙ্কটের সমাপ্তির জন্য সমর্থন কামনা করা হয়।
গত ৫ জুন পাঁচটি আরব দেশ সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে।
কাতার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং চরমপন্থার সঙ্গে কথিত যোগসাজশের যে অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছে, তা থেকে মুক্তি পেতে নিজস্ব পররাষ্ট্র নীতিকে বাদ দিয়ে বশ্যতা স্বীকার করবে না বলে দেশটি প্রতিজ্ঞা করেছে।
আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন