Profile

শনিবার, ১০ জুন, ২০১৭

কাতারে মার্কিন ঘাঁটিতে থাকতে পারলে, তুর্কি ঘাঁটিতে আপত্তি কেন?


তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তার দেশ সংকটের সময় কাতারের পাশে থাকবেই। একই সাথে তিনি কাতারের ওপর সৌদি আরবসহ গালফ দেশগুলোর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এরদোগান বলেছেন, ‘কাতারকে বয়কট করে এই অঞ্চলের সমস্যার সমাধান সম্ভব নয়।’ এ সময় তুরস্কের প্রেসিডেন্ট কাতার এবং এই অঞ্চলের জন্য তার সামর্থ্যের সবটুকু দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
কাতারে তুরস্কের সেনা মোতায়েনের সিদ্ধান্তের ব্যাপারে সৌদিসহ আরব দেশগুলোর আপত্তির প্রতি ইংগিত করে এরদোগান আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ কাতারে মার্কিন সেনা ঘাঁটি থাকতে তো আমাদের আরব শাসক বন্ধুের আপত্তি নেই। তাহলে তুরস্কের সেনাঘাটিঁ থাকলে সমস্যা কী?’
গত সোমবার সৌদি আরবের নেতৃত্বে নিষেধাজ্ঞার আরোপের পর তুরস্ক কাতারে সেনা মোতায়েনের জন্য নিজে দেশের সংসদে একটি প্রস্তাব পাস করে।
নতুন করে তুরস্কের প্রেসিডেন্ট পবিত্র দুই ঘরের (মক্কা ও মদিনা) অভিভাবক হিসেবে রিয়াদের প্রতি শত্রুতা ভুলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার জন্য আহ্বান জানান।
শুক্রবার ইস্তাম্বুলে ইফতারের পর ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আমাদের কাতারি ভাইদের পরিত্যাগ করব না।’
এরদোগান বলেন, ‘সৌদি প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ, উপসাগরীয় অঞ্চলে আপনারা বৃহৎ এবং সবচেয়ে বেশি ক্ষমতাধর রাষ্ট্র। বিদ্বেষ না ছড়িয়ে ভ্রাতৃত্বের জন্য আপনাদের কাজ করা উচিত। একসঙ্গে সবাই মিলে থাকার জন্য কাজ করা উচিত। পবিত্র মসজিদগুলোর রক্ষণাবেক্ষণকারীদের কাছ থেকে এটা আমাদের প্রত্যাশা।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন