অস্ত্র ও গুলিসহ পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রাফিককে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। রাফিকের বাড়ি ঈশ্বরদী পৌর শহরের শেরশাহ রোডে। তিনি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আটকের পর তাঁর দেওয়া তথ্যমতে, আজ বুধবার ভোরে ঈশ্বরদী পৌর এলাকার একটি বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ২০টি গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করে র্যাব।
অবশ্য ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস বলেন, ‘রাফিক ছাত্রলীগের কোনো সদস্য নয়। এখতিয়ারবহির্ভূতভাবে ভূমিমন্ত্রী রাফিককে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, গত ১৮ মে প্রকাশ্য দিবালোকে মুখে কালো কাপড় বেঁধে ভূমিমন্ত্রীর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে ঈশ্বরদী পৌর সদরের দুটি বাড়ি ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
এ সময় মন্ত্রীর জামাতা ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ব্যবসাপ্রতিষ্ঠান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে ভাঙচুর চালানো হয়। মামলার পর যৌথ অভিযান চালিয়ে শরীফ তমালসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গতকাল দুপুরে ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। ঈশ্বরদী থানার ওসি আবদুল হাই তালুকদার জানান, সদরুল আলম পিন্টুর বিরুদ্ধে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের কাজে বাধা ও হামলা এবং ছাত্রলীগকর্মীর হাত কাটাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন