Profile

রবিবার, ২৮ মে, ২০১৭

ছাত্রলীগ নেতা বহিষ্কার, জমি ফিরে পেল এতিম মেয়েটি


রাজধানীর শেরেবাংলানগর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হাসান তালহাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতিমের জমি দখলের অভিযোগে গতকাল শনিবার তাঁকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারপত্রে স্বাক্ষর করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। গতকাল শনিবার ‘এতিমের জমিখেকো ছাত্রলীগ নেতা’ শিরোনামে প্রতিবেদনটি কালের কণ্ঠে প্রকাশিত হওয়ার পর তালহাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

ওই নেতাকে বহিষ্কারের পাশাপাশি জমিও ফিরিয়ে দেওয়া হয়েছে। ফাল্গুনীর সেই জমিটি উদ্ধার করে দিয়েছে পুলিশ প্রশাসন। ঢাকা অঞ্চলের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে একটি দল গিয়ে তালা ভেঙে দোকান খুলে দেইয় ও ফাল্গুনীকে জমি বুঝিয়ে দেয়। ঘটনাস্থলে গিয়ে ফাল্গুনী নিরাপত্তার আশ্বাস দিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়।

জমি ফিরতে পেয়ে ফাল্গুনীর মুখে হাসি ফুটেছে। সেই সাথে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতারা পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদয়োগকে সাধুবাদ জানিয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলানগর থানা শাখা )-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। তার বিরুদ্ধে এতিমের জমি দখলের অভিযোগ থাকায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নেয়।

সাইফুর রহমান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এতিমের জমি দখলের অভিযোগ পাওয়ার পরপরই আমরা তাকে বহিষ্কার করি। এ ধরনের অভিযোগ ছাত্রলীগের যে নেতার বিরুদ্ধেই আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আর ভুক্তভোগী এতিম মেয়েটি যদি আমাদের কাছে সহযোগিতা চায় তাহলে তাকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

এদিকে কেন্দ্রীয় কমিটি অভিযুক্ত ছাত্রলীগ নেতা তালহাকে বহিষ্কার করার খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত সেই এতিম রাবেয়া বিল্লাল ফাল্গুনী। গতকাল তিনি কালের কণ্ঠকে বলেন, ‘তালহার মতো নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করায় আমি সংগঠনটির কাছে কৃতজ্ঞ। আশা করব প্রশাসনের সহযোগিতায় আমার জমিটি ফিরে পাব। ’

জানা গেছে, রাজধানীর পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকে সামনে মা-বাবার রেখে যাওয়া একখণ্ড জমির ওপর চারটি দোকান করে সেই ভাড়ায় নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন রাবেয়া বিল্লাল ফাল্গুনী। তাঁর জমিতে থাকা চারটি দোকানের মালপত্র ভেতরে রেখেই গত শনিবার দোকান তালা মেরে দেয় তালহা ও তার ক্যাডাররা। আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) সূত্রে নিজেকে মালিক দাবি করে দলবল নিয়ে প্রায় দেড় কোটি টাকার ওই জমি দখল করা হয়। দোকান মালিকরা অনেক আকুতি-মিনতি করলেও কোনো মালপত্র বের করার সুযোগ দেয়নি তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন