তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের জন্য যে কূটনৈতিক মিশন নিয়ে সফরে বের হয়েছিলেন তা সফল হয়েছে। সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ ও কাতারের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের জন্য তিনি কুয়েত, সৌদি আরব ও কাতার সফর করেন।তিনি সফর শেষে তুরষ্কের এ কে সংসদীয় সভায় আজ বলেন , মধ্যপ্রাচ্যের সফর গঠনমূলকভাবে সফল হয়েছে।
গতকাল সফরের শেষ পর্যায়ে এরদোগান কাতারের রাজধানী দোহা পৌঁছান। সেখানে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে বৈঠক করেন। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, বৈঠকে দু নেতা চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করেন এবং দু দেশের মধ্যকার অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। এছাড়া, চলমান সংকট সমাধানের ক্ষেত্রে কুয়েতের মধ্যস্থতার প্রশংসা করেন তারা।
বৈঠকে শেখ তামিম পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যকার চলমান সংকট নিরসনের বিষয়ে সংলাপ অনুষ্ঠান ও কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্বারোপ করেন।এর আগে, গতকাল তিনি সৌদি আরবে রাজা সালমান ও তার ছেলে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। কিন্তু সেই বৈঠকে তিনি কী অর্জন করেছেন তা নিয়ে কোনো বক্তব্য নেই এবং সৌদি গণমাধ্যমও এ নিয়ে তেমন কোনো খবর প্রকাশ করে নি।
সূত্র : আল আরাবিয়া

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন