ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজৌরি সেক্টরে পাক সেনাদের গুলিতে ভারতের একজন সেনা নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে পাক সেনারা ভারতীয় চৌকি লক্ষ্য করে মর্টারের গুলি ছুঁড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ খবর দিয়েছে এনডিটিভি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিহত ল্যান্স নায়েক মোহাম্মেদ নাসিরের (৩৫) বাড়ি জম্মু-কাশ্মিরের সীমান্ত জেলা পুঞ্চে। পাক সেনারা ভারতের সম্মুখবর্তী চৌকিগুলি লক্ষ্য করে গোলা বর্ষণ করলে তিনি নিহত হন। ভারতীয় সেনারা বিনা উসকানির গুলিবর্ষণের কার্যকরভাবে জবাব দিয়েছে বলে জানান তিনি।
এর আগে শনিবার সকালে জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালে দুই গেরিলা যোদ্ধাকে হত্যা করার কথা জানায় ভারতীয় সেনারা।
খবরে বলা হয়, অন্যান্য দিনের মতোই এদিন ত্রালে সাতোরার জঙ্গলে রুটিন তল্লাশি চালাচ্ছিল সেনা। গোপন সূত্রে খবর আসে, ওই এলাকায় ৪-৫ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। পরে জম্মু-কাশ্মির পুলিশ ও সেনা যৌথ তল্লাশি অভিযানে নামে। গোটা সাতোরাকে নিরাপত্তার বেষ্টনিতে মুড়ে ফেলা হয়।
তল্লাশি অভিযান চালানোর সময়ই গেরিলারা সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় যৌথবাহিনী। এতে দুই গেরিলার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন