দখলদার রাষ্ট্র ইসরাইল মুসলিম বিশ্বের বিভক্তির সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ওয়ার্ল্ড ইসলামিক কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
এরদোগান বলেন, ইসরাইল জেরুজালেম নগরীর ইসলামি চরিত্র বদলে দিতে চাইছে। তারা মুসলমানদের অভ্যন্তরীণ বিভক্তির সুযোগ নিচ্ছে।
ইসলামের অন্যতম পবিত্র স্থান আল-আকসার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসলামের পবিত্র স্থাপনাগুলো রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব নয়। এটা পুরো মুসলিম উম্মাহ’র দায়িত্ব। আমরা অবশ্যই মুসলিমদের জন্য আল আকসা মসজিদের দরজা বন্ধ করতে দেবো না।
ভাষণে ইসরাইলকে মানবাধিকার এবং জেরুজালেমের প্রচলিত রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এরদোগান।
তিনি বলেন, আল-আকসা মসজিদের প্রবেশপথ থেকে ইসরাইলি মেটাল ডিটেক্টর সরিয়ে নেওয়া একটা সঠিক সিদ্ধান্ত। তবে এটা যথেষ্ট নয়। এ অঞ্চলে আগুন ছড়িয়ে দেয়-এমন যে কোনও নীতি গ্রহণ থেকে ইসরাইলকে অবশ্যই বিরত থাকতে হবে।
jamunanews24.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন