নিজ দেশে বিশাল এক বিক্ষোভের মুখে পড়লেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। গত চার বছরের মধ্যে এটিই তুরস্কে সরকার বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছিল গত ১৫ জুন, আঙ্কারা থেকে। জাস্টিস বা ন্যায় বিচার নামে সমাবেশটি রোববার শেষ হয়েছে ইস্তাম্বুলে। ৪৮০ কিলোমিটার লম্বা ছিল লং-মার্চটি।
রোববার লং-মার্চ শেষে সমাবেশে বক্তব্য দেন সরকার বিরোধী রাজনৈতিক দল পিপলস রিপাবলিকান পার্টির নেতা কেমাল কিলিচদারওগ্লু। সেখানে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল।
সমাবেশে কিলিচদারওগ্লু বলেন, ‘তুরস্ক থেকে ন্যায়বিচার বিদায় নিয়েছে। এর প্রতিবাদ জানানোর জন্যেই রাস্তায় নেমে পড়েছে সাধারণ মানুষ।’ সরকারের দমনপীড়নের মুখে অসহায় মানুষরা লং-মার্চে অংশ নিয়েছেন বলে দাবি করেন তিনি।
গত বছরের জুলাইয়ে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তুরস্কে গণ-গ্রেফতার ও শাস্তির প্রতিবাদ জানাতে এই লং-মার্চের ডাক দিয়েছিল সরকার বিরোধী দল পিপলস রিপাবলিকান পার্টি। সমাবেশে গ্রেফতার হওয়া পিপলস রিপাবলিকান পার্টি নেতা এনিস বেরবারওগ্লুর মুক্তির দাবিও জানানো হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন