শীঘ্রই কাতারের চলমান কূটনৈতিক সংকট কেটে যাবে এবং ২০২২ সালের দেশটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল হুমকিতে পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছে ফিফা। সুইজারল্যান্ডে গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনটির প্রেসিডেন্ট।সুইজারল্যান্ডের দুইটি পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে ফিফা প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্টিনো আশা প্রকাশ করে বলেছেন, “কাতারের বিশ্বকাপের আরো সাড়ে পাঁচ বছর বাকি আছে, এর মধ্যে এ কূটনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”
তিনি বলেন, “ফিফা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সেইসাথে কাতারের সর্বোচ্চ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।”
মধ্যপ্রাচ্যে গত কয়েক বছরের মধ্যে বড় ধরণের কূটনৈতিক যুদ্ধে কাতারকে কোনঠাসা করে রেখেছে সৌদি আরবসহ আরো কয়েকটি প্রধান আরব রাষ্ট্র। সন্ত্রাসবাদকে সহায়তা ও ইরানের সাথে সম্পর্কোন্নয়নের অভিযোগ এনে তারা দেশটির সাথে সকল ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। যদিও কাতার তাদের অভিযোগ অস্বীকার করেছে।
কাতারের সাথে সকল ধরণের স্থল ও বিমান যোগাযোগ বন্ধ করে দেয়ায় সংকটের দ্বিতীয় সপ্তাহে এসে বিশ্বকাপের নির্মাণকাজের জন্য জরুরী শ্রমিক নিয়োগ ও প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বিগ্নতা দেখা দিয়েছে ফিফা সহ কাতারের উচ্চতর পর্যায়ে।
ভূ-রাজনৈতিক সংকট সমাধান প্রসঙ্গে ইনফান্টিনো জানান, “যদি বর্তমান পরিস্থিতির উন্নতির জন্য ফুটবল সামান্য কোন রাখতে ভূমিকা রাখতে পারে, তাহলে অবশ্যই আমি এগিয়ে আসতে দ্বিধাবোধ করব না।”
কাতার ২০২২ সালে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে। এর প্রস্তুতি হিসেবে দেশটি বিভিন্ন ধরণের খেলা নানা টুর্নামেন্টের আয়োজন করছে।
রাজনৈতিকভাবে স্থিতিশীল হিসেবে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা ২০১০ সালে কাতারকে নির্বাচিত করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন