আর কোনও রাখঢাক নয়, ভারতকে এবার প্রকাশ্যেই হুমকি দিল পাকিস্তান৷ পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এক প্রেস বিবৃতি জারি করে ভারতীয় সেনাকে হুমকি দিলেন, ‘বাড়াবাড়ি করলে ফল ভুগতে হবে৷’ এখানেই থেমে না থেকে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জে পি সিংকে সমন পাঠাল ইসলামাবাদ৷ সবমিলিয়ে নিয়ন্ত্রণরেখা’র দুই দিকেই এখন চরম উত্তেজনা৷পাক সেনাপ্রধানের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি নিয়ন্ত্রণরেখার দু’দিকেই সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ভারতীয় সেনা৷ ভারতকে সতর্ক করে দিচ্ছি, কোনওরকম বেয়াদপি করলে ফল ভাল হবে না৷ দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়তে হবে ভারতীয় সেনাকে৷ পূর্ণশক্তিতে ভারতকে জবাব দেবে পাকিস্তান৷” পাকিস্তানের অভিযোগ, ভারতীয় সেনার হামলায় তিনজন নিরীহ মানুষ জখম হয়েছেন৷ কোনওরকম প্ররোচনাই ছাড়াই যেভাবে ভারতীয় সেনা এই হামলা চালিয়েছে তা নিন্দনীয়৷ তবে জে পি সিং এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “ভারত হিংসায় বিশ্বাসী নয়৷ কোনওভাবেই ভারতীয় জওয়ানরা আগ বাড়িয়ে পাকিস্তানে হামলা চালায় না৷ তবে পাক সেনা হামলা চালালে তার জবাব দিতে প্রস্তুত৷”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন