Profile

বুধবার, ১৭ মে, ২০১৭

যৌন হয়রানি: স্কুলছাত্রীরা ৬ দিন অনশনে: ভয়েস অফ বাংলাদেশ

একটি স্কুলের ১৩ জন ছাত্রী যৌন হয়ারিনার প্রতিবাদ জানিয়ে অনশন করছে। টানা ছয়দিন তারা শুধু পানি ছাড়া আর কিছুই গ্রহণ করেনি। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসন সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তাই, একপর্যায়ে তারা প্রতিবাদী হয়ে কঠোর এ কর্মসূচি শুরু করে। তাদের বয়স ১৬ থেকে ১৮।

ভারতের উত্তরাঞ্চলের হরিয়ানা রাজ্যের রিওয়ারি জেলায় এ ঘটনা ঘটে। অনশনকারী মেয়েরা তাদের গ্রাম থেকে স্কুলে যাওয়ার পথে নিত্যদিন যৌন হয়রানির শিকার হতো।

১৩ স্কুলছাত্রীর একজন শীতল বলে, ‘প্রায় প্রতিদিন আমরা উত্ত্যক্তের শিকার হই। আমাদের কি পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত? আমরা কি স্বপ্ন দেখা বাদ দেব? কেবল ধনী ও তাদের সন্তানদেরই কি স্বপ্ন দেখার অধিকার আছে?’ শীতলের পরামর্শ, সরকারের উচিত তার মতো মেয়েদের সুরক্ষা দেওয়া অথবা গ্রামে উচ্চমাধ্যমিক স্কুল চালু করা। অনশনরত আরেক ছাত্রী সুজাতা বলে, স্কুলে যাওয়ার পথে ছেলেরা প্রায়ই তাদের অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করে।

মেয়েগুলোর অনশন কর্মসূচির পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের গ্রামটিতে উচ্চমাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করা হবে। কিন্তু লিখিত অঙ্গীকার বা আদেশ না দেখা পর্যন্ত অনশন ভাঙবে না বলে জানিয়েছে এই মেয়েরা।

অনশনরত এক মেয়ের বাবা রোতাশ কুমার বলেন, তিনি অতীতে এ ধরনের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখেননি। কাজেই মিথ্যা আশ্বাসে যৌন হয়রানির বিরুদ্ধে এই আন্দোলন যাতে ভেস্তে না যায়, তা তাঁরা নিশ্চিত হতে চান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন