পূর্ব জেরুজালেম: ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত ৭,০০,০০০ ফিলিস্তিনিকে হত্যার জন্য ইসরাইলকে ক্ষমা চাইতে বলেছেন ফিলিস্তিনের প্রধান নেগোশিয়েটর সায়েব ইরেকাত।
সোমবার ‘নাকবা’ দিবস পালন উপলক্ষে তিনি এই দাবি জানান। ইসরাইলি দখলদারিত্বের প্রতিবাদে প্রতিবছর তারা এই দিবসটি পালন করে থাকে।
এক বিবৃতিতে ইরেকাত বলেন, ‘আমাদের জাতি ‘নাকবার’ ৬৯ বছর পার করছে। এটা ছিল আমাদের জাতীয় বিপর্যয়। এর মাধ্যমে আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং ধারাবাহিকভাবে আমাদের অধিকারকে অস্বীকার করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জন্য ‘নাকবা’কে স্বীকার করে নেয়া এবং এর জন্য ক্ষমা প্রার্থনা করা ইসরাইলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ঐতিহাসিক প্যালেস্টাইনের শত শত গ্রাম ধ্বংস এবং সশস্ত্র জাইনিস্ট গ্যাং কর্তৃক তাদের ভূমি থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করার জন্য ফিলিস্তিনিরা ‘নাকবা’ শব্দটি ব্যবহার করে। আরবি ভাষায় এর অর্থ ‘বিপর্যয়’। ১৯৪৮ সালে ফিলিস্তনিদের ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
ইরেকাত বেলফোর ঘোষণার জন্য ব্রিটেনকেও ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানান। দেশটি ১৯১৭ সালে তৎকালীন ব্রিটিশ-নিয়ন্ত্রিত ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
প্যালেস্টাইনরা প্রতিবছর ‘নাকবা’ দিবস উদযাপন করে থাকে। এসব অধিবাসীরা এখনও পশ্চিমতীর, গাজা, জর্দান, সিরিয়া ও লেবাননে বিদ্যমান শরণার্থী শিবিরে বাস করতে বাধ্য হচ্ছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন